একনজরে রাঙ্গাবালী

রাঙ্গাবালীতে শিক্ষককে মারধরের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
২৮ আগস্ট ২০২৫, ১০:০৩ দুপুর

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের লক্ষ্মী বেষ্টিন আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হানিফ মোল্লাকে মারধরের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলা সদরের বাহেরচর বাজারের চৌরাস্তায় গিয়ে মানববন্ধনে মিলিত হয়। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোহাম্মদ কবির হুসাইন ও সেক্রেটারী মাসুদুর রহমানের নেতৃত্বে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গত ২৪ আগস্ট রাতে চরমোন্তাজ ইউনিয়নের চরবেষ্টিন বাজার এলাকায় পরিকল্পিতভাবে শিক্ষক আবু হানিফকে মারধর করা হয় । তাই অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এদিকে এ ঘটনার পর থেকে একের পর এক প্রতিবাদ কর্মসূচি চলছে। আজ (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরের বাহেরচর বাজার চৌরাস্তায় উপজেলার সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের উদ্যোগে আরেকটি মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে।