উপকূলীয় মৎস্যজীবীদের ঝুঁকিপ্রবণতা, সামুদ্রিক আবাসস্থল সুরক্ষায় সরকারি আইন ও নীতিমালা এবং অনুসন্ধানী প্রতিবেদন তৈরি বিষয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাংবাদিকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের চতলাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। ফিসনেট প্রকল্পের মাধ্যমে এ কর্মসূচি বাস্তবায়ন করে বেসরকারি সংস্থা উত্তরণ এবং সহযোগিতা করে ওশান গ্রান্টস প্রোগ্রাম ও ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপকূলবন্ধু হিসেবে পরিচিত প্রখ্যাত অনুসন্ধানী সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু।
প্রশিক্ষণে উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব, নদীভাঙন, লবণাক্ততা বৃদ্ধি, মাছের প্রজননক্ষেত্র ধ্বংস এবং জীবিকায় ঝুঁকির বিষয়গুলো তুলে ধরা হয়। বিশেষ করে মৎস্যসম্পদ সংরক্ষণে বিদ্যমান আইন, সামুদ্রিক সংরক্ষিত এলাকা, নিষিদ্ধ জাল ও প্রজনন মৌসুমে মাছ ধরা বন্ধের বিধিনিষেধ নিয়ে আলোচনা করা হয়।
আয়োজকরা জানান, উপকূলীয় অঞ্চলে টেকসই বাসস্থান নিশ্চিত করতে হলে প্রাকৃতিক বাস্তুতন্ত্র রক্ষা এবং স্থানীয় মৎস্যজীবীদের অংশগ্রহণমূলক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদন এ ক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি ও নীতিনির্ধারকদের জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকরা বলেন, এধরণের প্রশিক্ষণ উপকূলের বাস্তবতা, আইনগত কাঠামো ও পরিবেশগত ঝুঁকি সম্পর্কে গভীরতর ধারণা পেলে দায়িত্বশীল ও তথ্যভিত্তিক প্রতিবেদন তৈরি করা সহজ হবে।