পটুয়াখালীর রাঙ্গাবালীতে তিনদিনব্যাপী ভূমি সেবা মেলা শুরু হয়েছে। সারাদেশে একযোগে প্রধানমন্ত্রী কর্তৃক আনুষ্ঠানিক উদ্বোধনের পর মেলার কার্যক্রম উপজেলা পর্যায়ে স্থানীয়ভাবে উদ্বোধন করা হয়।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার। তিনি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আলোচনা সভায় বক্তারা জানান, সারাদেশে একই দিনে ভূমি সেবা মেলা শুরু হওয়া জনগণের কাছে সেবাসমূহ দ্রুত, সহজ ও স্বচ্ছভাবে পৌঁছে দেয়ার প্রতীক। মেলায় ভূমি সংক্রান্ত নামজারি, খতিয়ান, পর্চা, কর পরিশোধসহ বিভিন্ন সেবা বুথে সরাসরি প্রদান করা হচ্ছে। এ ছাড়া অনলাইন সেবা ব্যবস্থার সুবিধা নিয়েও উপস্থিত জনগণকে বিস্তারিতভাবে জানানো হয়।
তিনদিনব্যাপী এ মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা প্রদান করা হচ্ছে। সাধারণ মানুষকে মেলায় এসে সরাসরি সেবা গ্রহণের আহ্বান জানান আয়োজকরা।