পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ধারাবাহিক চুরির ঘটনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এক বিশেষ অপরাধ প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে।
পটুয়াখালী জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আজ শুক্রবার সন্ধায় ইউনিয়নের গহিনখালী এালকায় এ বিশেষ অপরাধ প্রতিরোধ সভার আয়োজন করেন রাঙ্গাবালী থানা পুলিশ
সভায় মাদক নির্মূল, চুরি প্রতিরোধ এবং অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে স্থানীয় জনগণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়। এ সময় বক্তারা বলেন, অপরাধ দমনে পুলিশ ও জনসাধারণের সমন্বিত অংশগ্রহণ ও তথ্যভিত্তিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস মুন্সি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছোটবাইশদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন নয়াব হাওলাদার ও ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল পাশা।
এ সময় রাঙ্গাবালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইলিয়াস মুন্সি বলেন, মাদক ও অপরাধ একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সমাজ থেকে মাদকের বিস্তার রোধ করা গেলে অন্যান্য অপরাধও উল্লেখযোগ্য হারে কমে আসবে।
তিনি আরও বলেন, গহিনখালী এলাকায় সংঘটিত চুরির ঘটনাগুলোর রহস্য উদ্ঘাটন এবং চোর চক্রকে দ্রুত আইনের আওতায় আনতে স্থানীয় জনগণের সহযোগিতা প্রয়োজন। এ বিষয়ে কারও কাছে কোনো তথ্য থাকলে তা পুলিশকে জানানোর আহ্বান জানাই। তথ্যদাতার নাম-পরিচয় সর্বোচ্চ গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।